বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শিক্ষাবোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার কলেজগুলোতে ২০২৬/২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে পাঁচ শ্রেণির শিক্ষার্থী ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তির সুযোগ পাচ্ছে।
এসব শিক্ষার্থীর ক্ষেত্রে কলেজ কর্তৃক নির্ধারিত ন্যুনতম জিপিএ শিথিল করা হয়েছে। তাদের অনলাইনে আবেদন করারও প্রয়োজন নেয়।
বিশেষ কোটায় ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলো-বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থী, প্রবাসীর সন্তান, বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী এবং খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় বা জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী।
যশোর শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর কুবায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত একটি নোটিশ শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, বিশেষ কোটার আওতাভুক্ত শিক্ষার্থীরা পছন্দের কলেজে সরাসরি ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি ফরম পূরণ করতে পারবে।
ফরমের সঙ্গে সংশ্লিষ্ট কোটার প্রমাণপত্র জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ প্রমাণপত্র যাচাই-বাছাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন।
কলেজ পরিদর্শক প্রফেসর কুবায়েত হোসেন আরও জানান, এ পাঁচ শ্রেণির শিক্ষার্থীর জন্য একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অনলাইন আবেদনের বাধ্যবাধকতা নেই।
একই সঙ্গে তাদের ক্ষেত্রে কলেজের নির্ধারিত ন্যুনতম জিপিএ শিথিল করা হয়েছে।
