নড়াইল সংবাদদাতা
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে নড়াইলে দলিল লেখক বহুমুখী সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচি ও দাবি তুলে ধরেছেন। মঙ্গলবার বেলা সাড়ে এগারটার দিকে তারা পেশাগত অধিকার, নিরাপত্তা ও বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
দলিল লেখক বহুমুখী সমিতির নেতৃবৃন্দ শাহিন শেখ, মোহাম্মদ আলী খান, আরমান আলী খান, শহিদুল হক মোল্লা , জামান মোল্লা , আবু সারাফ, কাজী রফিকুল, শামিম খান ও মশিয়ার মোল্লাসহ অন্যরা সাত দফা দাবি তুলে ধরেন।
তাদের দাবিগুলো হলো
দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। প্রতি দলিলে ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন করতে হবে।
লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল লেখা বা মুসাবিদা করতে পারবেন না-এ মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। সরকারি খরচে থানা ও জেলা পর্যায়ে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে। দলিল লেখকরা পক্ষগণের দেওয়া কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখেন।
তাই পেশাগত দায়িত্ব পালনের কারণে তাদের আসামি করা যাবে না। দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিকে দলিল লেখার লাইসেন্স দেয়া যাবে না-এ মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।
দলিল লেখক বহুমুখী সমিতির নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন। তাদের সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
