বাংলার ভোর প্রতিবেদক
যশোরের আলোচিত শিক্ষার্থী শিপ্রার রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং প্রধান অভিযুক্ত অপার গোবিন্দ দাসের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাব যশোরের সামনে এই কর্মসূচি পালিত হয়। চাঁচড়া ভাতুড়িয়া হাই স্কুল ও চাঁচড়া স্কুল অ্যান্ড কলেজের কয়েক শত শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেন। এর আগে শিক্ষার্থী ও এলাকাবাসী ভাতুড়িয়া স্কুলের সামনের রাস্তায় মানববন্ধন করেন। এ সময় তারা শিপ্রার মৃত্যুর পেছনে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ এনে বিভিন্ন স্লোগান দেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, শিপ্রার মৃত্যুর ঘটনার মূল হোতা অপার গোবিন্দ দাস। তাকে দ্রুত আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলেই হত্যাকাণ্ডের আসল রহস্য বেরিয়ে আসবে। শিক্ষার্থীরা আরও বলেন, কোনো ধরনের প্রভাব বা আইনি দীর্ঘসূত্রতা ছাড়াই এই মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। যদি শিপ্রার মৃত্যুর পেছনে অপরাধ প্রমাণিত হয়, তবে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।
উল্লেখ্য, এর আগে চাঁচড়া ভাতুড়িয়া হাই স্কুলের মেধাবী শিক্ষার্থী শিপ্রার মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই পরিবার ও সহপাঠীরা এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে এবং দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে। পুলিশ এ বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে।
