মাগুরা সংবাদদাতা
মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজারে অভিযান চালিয়ে এক সার ও বিজ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার, কীটনাশক, বিজ, মুদিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানে নাকোল পুরাতন বাজারের মেসার্স মা ট্রেডার্স নামের বিএডিসি সার ও বিজ ডিলার প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়।
প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত ১ হাজার ৫০ টাকার ডিএপি সার ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করছিল। অর্থাৎ প্রতি বস্তায় ৪০০ টাকা বেশি নেয়া হচ্ছিল।
এ ছাড়া অতিরিক্ত দামে সার বিক্রির কোনো ভাউচার দেয়া হয়নি এবং বিক্রয় রেজিস্টারেও তা তোলা হয়নি। প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বিজ ও কীটনাশক পাওয়া যায়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্যের প্যাকেট খুলে খোলা বাজারে বিক্রিরও প্রমাণ পাওয়া যায়।
পূর্বে সতর্ক করার পরও একই ধরনের অপরাধ পুনরায় করায় প্রতিষ্ঠানটির মালিক লিটন কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় কৃষি বিপণন অফিসের আলমগীর হোসেন এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।
