লোহাগড়া সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া উপজেলায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন মোল্যা (৫০) কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
বুধবার গভীর রাতে উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিলন মোল্যা তেলকাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে লোহাগড়া থানার পুলিশ উপপরিদর্শক তারেক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
পুলিশ আরও জানায়, ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পর মিলন মোল্যা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা জারি ছিল।
লোহাগড়া থানায় তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক সাজাপ্রাপ্ত আসামি মিলনকে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
