বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের অভয়নগরে ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী অভয়নগর উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা।
গত ২১ সেপ্টেম্বর বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের দোকানে কেনাকাটা করতে যাওয়ার সময় রাস্তা থেকে সাজ্জাদ (৪৫) নামের এক ব্যক্তি এবং আরও দুই অজ্ঞাত ব্যক্তি তাকে প্রাণনাশের হুমকি দিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে তাকে যশোর পালবাড়ি এলাকায় নিয়ে একটি অজ্ঞাত স্থানে একটি কক্ষে আটকে রেখে সাজ্জাদ তাকে ধর্ষণ করেন।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বিষয়টি অভয়নগর থানা পুলিশকে জানায়। পুলিশ গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে উদ্ধার করে। পরে ভুক্তভোগীকে চিকিৎসার জন্য ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কামুক্ত। স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগীর দাদির নোয়াপাড়ায় একটি খাবারের হোটেল রয়েছে। অভিযুক্ত সাজ্জাদ ওই হোটেলে নিয়মিত খাবার খেতেন এবং শিশুটিও সেখানে যাতায়াত করত। যাতায়াতের সময় বিভিন্ন সময় ওই শিশুকে উত্যক্ত করতেন সাজ্জাদ। একপর্যায় তাকে অপহরণ করে ধর্ষণ করে বলে আভিযোগ উঠেছে।
