রামপাল সংবাদদাতা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম বলেছেন, রামপালের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমি আর প্লাস্টিক-পলিথিন দেখতে চাই না। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই প্লাস্টিক-পলিথিন বিরোধী কার্যক্রম শুরু করতে হবে।
রোববার সকাল ৯টায় উপজেলার রামপালের শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম আরো বলেন, পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এখান থেকেই শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে।
প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশ দূষণ রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, ওসি শেখ রাজিব আল রশিদ।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অতিথিদের সংবর্ধনা দেয়া হয়। এ সময় প্রতিমন্ত্রী মাদরাসা প্রাঙ্গণে দুইটি আম গাছের চারা রোপণ করেন।
একই দিনে রামপাল উপজেলা প্রশাসনের সকল পর্যয়ের কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে মিলিত হন। ওই সময় সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেয়া, আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে সম্মিলিতভাবে সঠিকভাবে দায়িত্ব পালন এবং যে কোন অপ্রতিকার ঘটনা যাতে না ঘটতে পারে সেদিকে সজাগ থাকার নির্দেশনা প্রদান করা হয়।
