বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের বাঘারপাড়া উপজেলার যশোর-নড়াইল মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেস পরিবহনে তল্লাশি চালিয়ে ১ হাজার ২৭০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য অধিদপ্তর যশোর। মঙ্গলবার বিকেলে ৩ টা ৪০ মিনিটের দিকে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে তদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই নারী হলেন, বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আবু বাক্করের স্ত্রী মনজুরা বুড়ি (৬০),ও একই এলাকার রিজাউল করিমের স্ত্রী শিউলি বেগম (৫০)। এসময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
উপ-পরিদর্শক রাফিজা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইল এক্সেপ্রেস পরিবহণে করে মাদক নিয়ে যশোর আসছেন ওই দুই নারী। পরে যশোর-নড়াইল মহাসড়কে একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়।
