অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে পুলিশের পুরস্কারঘোষিত ও তালিকার শীর্ষ মাদক কারবারি কামরুল ইসলাম ওরফে ‘মাদক কামরুল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার গুয়াখোলা রেলবস্তি সংলগ্ন একটি গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামরুল ইসলাম গুয়াখোলা এলাকার বাসিন্দা এবং নওয়াপাড়া পৌর বাস্তুহারা লীগের সভাপতি এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের তালিকায় ৫ নম্বরে থাকা কামরুল ইসলামের বিরুদ্ধে অভয়নগর থানাসহ বিভিন্ন থানায় অন্তত ১৪টি মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে গ্রেপ্তারে তথ্য দিয়ে সহায়তা করলে ২৫ হাজার টাকা পুরস্কারের ঘোষণাও দিয়েছিল জেলা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুল গ্যারেজ ব্যবসার আঁড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। গত ৫ আগস্টের পর তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে এলাকায় ফিরে এসে পুনরায় গ্যারেজ ব্যবসা ও মাদক সিন্ডিকেট চালু করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুজ্জামান বলেন, আটকের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে শীর্ষ এই মাদক কারবারির গ্রেপ্তারে স্থানীয় সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী জানান, কামরুলের কঠোর শাস্তি নিশ্চিতের পাশাপাশি তার সিন্ডিকেটের সাথে জড়িত অন্যান্যদেরও যেন দ্রুত আইনের আওতায় আনা হয়।
