বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া স্কুলপাড়ায় মধ্যরাতে বাড়িতে ঢুকে নারী ও শিশুসহ ছয়জনকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল খালেক।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক পৌনে ২টার দিকে পূর্বশত্রুতার জেরে কয়েকজন ব্যক্তি লোহার রড, এসএস পাইপ, শাবল, দা ও লাঠিসোঁটা নিয়ে দরজা ভেঙে আব্দুল খালেকের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তার ছেলে হেলাল হোসেন (২৮) ও পুত্রবধূ শারমীন সুলতানাকে (২৪) হত্যার উদ্দেশ্যে মারধর এবং পুত্রবধূর শ্লীলতাহানি করা হয়। এ সময় অভিযোগকারীর ছোট ভাই সেকেন্দার আলী (৬৫) ও ভাইপো মাসুম বিল্লাহ (৪৬) ঠেকাতে আসলে তাদেরকেও মারপিট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নারীসহ ছয়জন আহত হয়েছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। হামলাকারীরা বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করে ব্যবসার নগদ সাড়ে সাত লাখ টাকা এবং দেড় ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
অভিযোগে জিয়াউর রহমান (৫৫), টুহিন বাবু (৪০), আলিফ হোসেন (২২), জিল্লু রহমান (৫৬), আশরাফ হোসেন (৫২), জাহিদ হোসেন (৪৭), সজিব হোসেনের (২৪) নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে অভিযুক্ত করা হয়েছে।
আব্দুল খালেক পরিবারের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
