সাতক্ষীরা সংবাদদাতা
মানব পাচার প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশিজনদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে সাতক্ষীরায় উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত সভায় সভাপতিত্ব করেন।
সভায় মানব পাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় আরও কার্যকর করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে উঠান বৈঠক, প্রচার-প্রচারণা এবং সচেতনতামূলক সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় মানব পাচারের ঝুঁকি, প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষকে মানব পাচারের বিভিন্ন কৌশল ও ঝুঁকি সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্ব দেয়া হয়।
স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তায় ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ প্রোগ্রামের আওতায় ‘এনগেজ নাও’ প্রকল্প বাস্তবায়য়নের ধারাবাহিকতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় স্বদেশ সংস্থার পক্ষে প্রোগ্রাম অফিসার আজাহারুল ইসলাম, প্যারালিগ্যাল শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
