বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে এক কলেজ শিক্ষকসহ তিন ব্যক্তির বাড়িতে পৃথক চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ২১ ভরি সোনার অলংকার, ৮ ভরি রূপার অলংকার ও ২ লাখ ৫৭ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় সন্দেহভাজন এক আসামিকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বোলপুর গ্রামের বাসিন্দা ও যশোর বিএএফ শাহীন কলেজের শিক্ষক গাজী আবুল কালাম আজাদের বাড়িতে গত ২৯ সেপ্টেম্বর চুরির ঘটনা ঘটে।
গাজী আবুল কালাম আজাদের অভিযোগ, আগের দিন তার স্ত্রী সাবিনা ইয়াসমিন বাবার বাড়িতে বেড়াতে যান। ২৯ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে তিনি ও তার ছেলে জিএম ছামি বাড়িতে তালা দিয়ে কলেজে যান। দুপুর ১টার দিকে ফিরে এসে তারা বাড়ির প্রধান দরজার তালা ভাঙা দেখতে পান। ঘরে ঢুকে তারা আলমারির তালাও ভাঙা অবস্থায় দেখতে পান।
আলমারিতে থাকা নগদ এক লাখ টাকা ও ১৪ ভরি সোনার অলংকার চুরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া রান্নাঘরে থাকা দা, বটি ও কোদাল ঘরের সোফার ওপর পাওয়া যায়।
অন্যদিকে, সদর উপজেলার এড়েন্দা গ্রামে মদন রায় ও তার ভাই মাধব রায়ের পাশাপাশি দুটি বাড়িতে গত ৩০ সেপ্টেম্বর রাতে চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের অচেতন করে এসব চুরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। মদন রায়ের ছেলে হৃদয় রায় জানান, ওই রাতে পরিবারের সদস্যরা খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন।
পরদিন সকাল ১০টার দিকে ঘুম থেকে উঠে তিনি অসুস্থ বোধ করেন। পাশের ঘরে গিয়ে বাবা-মাকে অচেতন অবস্থায় ঘুমিয়ে থাকতে দেখেন।
এ সময় ঘরের আলমারি খোলা এবং জিনিসপত্র তছনছ অবস্থায় পাওয়া যায়। পরে তারা জানতে পারেন, আলমারিতে থাকা এক লাখ ৫৭ হাজার টাকা, চার ভরি সোনার অলংকার ও পাঁচ ভরি রূপার অলংকার চুরি হয়েছে। রান্নাঘরের জানালার গ্রিলও ভাঙা অবস্থায় পাওয়া যায়।
এরপর পাশের বাড়িতে গিয়ে হৃদয় তার কাকা মাধব রায় ও কাকিকেও অচেতন অবস্থায় দেখতে পান। ওই বাড়ির সিঁড়ির দরজা ভাঙা এবং আলমারি খোলা ছিল।
পরিবারের অভিযোগ, আলমারিতে থাকা তিন ভরি সোনার ও তিন ভরি রূপার অলংকার চুরি হয়েছে। এ ঘটনায় হৃদয় রায় চারজনকে সন্দেহভাজন আসামি করে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন একই গ্রামের আহাদ আলী মনি (২০), কুলসুম বেগম (৪০), জিসান (২২) ও হাসিব (২২)।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক শেখ আশরাফুল আলম বলেন, সন্দেহভাজন আসামি আহাদ আলী মনিকে সোমবার দুপুরে চাঁচড়া মোড় এলাকা থেকে আটক করা হয়েছে।
পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
