বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের আশ্রম রোডে একটি মুদি দোকানের টিনের চাল কেটে নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে মা টি স্টোর অ্যান্ড ভ্যারাইটিস স্টোরে চুরি হয়।
দোকান মালিক আহাদ আলীর স্ত্রী পপি জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে তার স্বামী দোকান বন্ধ করে বাড়ি যান। মঙ্গলবার সকাল ৬টার দিকে দোকান খুলে দেখতে পান, ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে, দোকানের টিনের ছাউনি কাটা।
তার অভিযোগ, চোরেরা দোকানের ক্যাশ বাক্সে রাখা নগদ ৭০ হাজার টাকা, ১৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, একটি ইলেকট্রিক চুলা, সাবান, ডিটারজেন্ট পাউডারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। চুরি হওয়া নগদ টাকা ও মালামালের মোট মূল্য প্রায় দুই লাখ টাকা বলে দাবি তিনি করেন ।
পপি জানান, সোমবার রাতের কোনো এক সময় অজ্ঞাতপরিচয় চোর বা চোরচক্র টিনের ছাউনি কেটে দোকানে প্রবেশ করে চুরি করেছে বলে তাদের ধারণা। বিষয়টি জানাজানির পর আশপাশের লোকজনকে অবহিত করা হয়। পরে কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, এখনো পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
