বাংলার বিনোদন :
পর্দায় কখনো রহস্যময়, কখনো গম্ভীর, আবার কখনো সাহসী চরিত্রে দর্শকদের সামনে হাজির হন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি।
অভিনয়ের ভিন্নধর্মী উপস্থাপনায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে পর্দার ব্যক্তিত্বের সঙ্গে বাস্তব জীবনের তুষির রয়েছে বিস্তর পার্থক্য।
নিজেকে সহজ-সরল ও হাসিখুশি মানুষ দাবি করলেও অভিনেত্রীর আক্ষেপ, অনেকেই তাকে পছন্দ করেন, কিন্তু কেউ সরাসরি প্রেমের প্রস্তাব দেন না!
বুধবার (১৪ অক্টোবর) নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে ব্যক্তিগত জীবন ও প্রেম নিয়ে তার পুরোনো এক খোলামেলা মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে।
চলতি বছরের মাঝামাঝি সময়ে গণমাধ্যমের একটি আয়োজনে অংশ নিয়ে নিজের প্রেমের জীবন সম্পর্কে মজার কিছু তথ্য জানিয়েছিলেন তুষি। সেখানে তাকে প্রশ্ন করা হয়, পর্দায় তার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করা যেমন কঠিন, বাস্তব জীবনেও কি তার প্রেমে পড়া কঠিন? মানুষ কি তাকে ভয় পায়?
জবাবে অভিনেত্রী জানান, অনেকেই মনে করেন তার জীবনে অসংখ্য প্রেমিক রয়েছেন। এমন ধারণার কারণেই হয়তো কেউ সাহস করে ভালোবাসার কথা বলতে পারেন না।
তুষির ভাষায়, ‘সবাই মনে করে যে আমার মনে হয় কত কত বয়ফ্রেন্ড আছে। আমি মনে হয় কত আদর্শ প্রেমিকা! কিন্তু কই! আমাকে তো কোনো ছেলে কিছু বলে না।’
অভিনেত্রী আরও জানান, অনেকেই তাকে পছন্দ করার কথা বলেন। কিন্তু সেই পছন্দ কখনো সরাসরি প্রেমের প্রস্তাবে রূপ নেয় না।
নিজের স্বভাব সম্পর্কে তুষি বলেন, ‘আমি অনেক ফানি টাইপের মানুষ। যদি আমার সঙ্গে কেউ মিশতে পারে, আমি খুবই সিম্পল এবং সহজ মানুষ।’
প্রসঙ্গত, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান নাজিফা তুষি। এরপর বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।
‘রেশমা’, ‘সাধুর বউ’, ‘অ্যানি’, ‘আন্ধার’ ও ‘সখী রঙ্গমালা’সহ বিভিন্ন কাজ ঘিরে দর্শকদের আগ্রহ রয়েছে।
জন্মদিনে ভক্তদের শুভেচ্ছায় সিক্ত এই অভিনেত্রীর প্রেম নিয়ে এমন সরল স্বীকারোক্তি বিনোদনপ্রেমীদের মধ্যেও কৌতূহল তৈরি করেছে।
