বাংলার ভোর প্রতিবেদক :
আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শনিবার বিকেলে শহরের মনিহার এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, ফ্যাসিস্ট শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করলে, সে যে পরিচয়েরই হোক না কেন, তা মেনে নেয়া হবে না। দেশের স্বার্থ, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রশ্নে কোনো আপস করা হবে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ও হত্যাকাণ্ডের বিচারের কার্যক্রম চলছে। এ সময়ে কোনো ধরনের সহিংসতা বা অগ্নিসন্ত্রাস বরদাশত করা হবে না।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল ও সাধারণ মানুষ সংগ্রাম করেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আন্দোলন নতুন গতি পায়। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
