নড়াইল সংবাদদাতা :
নড়াইল প্রেসক্লাব ভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৭টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, ঘটনার সময় ভবনের দ্বিতীয় তলায় সাধারণ পরিষদের সভা চলছিল। এ সময় ভবনের পূর্ব পাশের দেয়াল লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। সেটি বিস্ফোরিত হলে বিকট শব্দে ভবনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ধোঁয়ায় নিউজরুমও আচ্ছন্ন হয়ে যায়।
ঘটনার পর উপস্থিত সাংবাদিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার এবং পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডুসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
সদর থানার ওসি রাসেল সরোয়ার বলেন, শহরে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
