বাংলার অর্থনীতি ডেস্ক :
কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আধুনিকায়ন ও সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ হালনাগাদের কারণে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২টা থেকে টানা ৪৮ ঘণ্টা সোনালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা বন্ধ থাকবে। এ সময় গ্রাহকেরা ব্যাংকটির নিয়মিত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন না।
বুধবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে সোনালী ব্যাংককে নির্ধারিত সময়ের জন্য ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার অনুমোদন দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, সোনালী ব্যাংকের ব্যবহৃত ‘ইন্টেলেক্ট সিবিএস ১০.০০’ সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ ‘ওরাকল ১১জি’ থেকে উন্নত সংস্করণ ‘ওরাকল ১৯সি’তে রূপান্তরের কাজ সম্পন্ন করতে এ সাময়িক বিরতির প্রয়োজন হচ্ছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টা থেকে ব্যাংকটির সেবা বন্ধের কার্যক্রম শুরু হবে। এটি চলবে শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ সময়ে ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।
ব্যাংকিং খাতে প্রযুক্তিনির্ভর সেবার পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে সফটওয়্যার ও ডেটাবেজ ব্যবস্থার আধুনিকায়ন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ ধরনের হালনাগাদের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং তথ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করার সুযোগ তৈরি হয়।
তবে সাময়িকভাবে সেবা বন্ধ থাকায় গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেনে অসুবিধা হতে পারে। বিশেষ করে জরুরি অর্থ লেনদেন ও অন্যান্য ব্যাংকিং সেবার প্রয়োজন রয়েছে এমন গ্রাহকদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরও জানানো হয়েছে, নির্ধারিত ডাউনটাইম শেষ হওয়ার পর কোনো ধরনের প্রযুক্তিগত জটিলতা দেখা না দিলে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ও বিভিন্ন সেবা পুনরায় চালু করা হবে।
এদিকে গ্রাহকদের সাময়িক অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে সেবা বন্ধ থাকার সময়সূচি সম্পর্কে পর্যাপ্ত প্রচার চালানোর শর্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকেরা যাতে আগেই বিষয়টি জানতে পারেন এবং প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারেন, সে জন্য সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে যথাযথভাবে তথ্য প্রচার করতে হবে।
