বাংলার ভোর প্রতিবেদক :
হিজড়া জনগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তাসহ সব ক্ষেত্রে সমান অধিকার এবং বৈষম্যহীন সেবা নিশ্চিত করার লক্ষ্যে যশোরে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) যশোরের জয়তী সোসাইটি মিলনায়তনে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও অর্পণ মানব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।
বিশেষ অতিথি ছিলেন যশোর সিভিল সার্জন কার্যালয়ের কো-অর্ডিনেটর ডা. মৌসুমি বিনতে মানিক, পুলিশ ইন্সপেক্টর রোকসানা খাতুন, সহকারী সমাজসেবা কর্মকর্তা আফরোজা সুলতানা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যশোরের উপপরিচালক বি এম কামরুজ্জামান এবং ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার এ টি এম রাফিদ হোসেন।
সংলাপের ধারণাপত্র উপস্থাপন করেন অর্পণ মানব কল্যাণ সংস্থার সমন্বয়কারী রুবাইদুল হক।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, অ্যাডভোকেট তাহমিদ আকাশ, যশোর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা তাসলিমা আক্তার, বাঁচতে শেখার প্রশাসনিক কর্মকর্তা দীপক কুমার রায়, এসসিডিও যশোরের নির্বাহী পরিচালক সুকান্ত দাস, এনজিও সমন্বয়কারী শেখ রাকিবুল ইসলাম নয়ন এবং ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর প্রতিনিধি নীলাশা সুলতানা ও ফাবিহা বুশরা প্রমুখ।
সংলাপে বক্তারা হিজড়া জনগোষ্ঠীর প্রতি সামাজিক বৈষম্য ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করার পাশাপাশি শিক্ষা, চাকরি, চিকিৎসা ও সরকারি-বেসরকারি সেবা গ্রহণে সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, সমাজের অন্য সব নাগরিকের মতো হিজড়া জনগোষ্ঠীরও মর্যাদাপূর্ণ জীবনযাপন ও ন্যায্য সেবা পাওয়ার অধিকার রয়েছে। এ অধিকার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সেবাদানকারী সংস্থা এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ ছাড়া সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
নাগরিক সম্পৃক্ততা তহবিলের (সিইএফ) সহায়তায় আয়োজিত এ কার্যক্রমে অর্থায়ন ও সহযোগিতা করছে সুইস রেডক্রস, কানাডা সরকার ও ইউরোপীয় ইউনিয়ন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ডেপুটি ম্যানেজার সৈয়দ আবু সালেহ মাহফুজ।
