কেশবপুর সংবাদদাতা :
আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি সফল করতে যশোরের কেশবপুরে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ এবং সুশাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে ঘোষিত এ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নেতারা।
শুক্রবার সকালে কেশবপুর পৌর জামায়াতের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোক্তার আলী। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে বেলাল হুসাইন বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এবং দেশে সুশাসন প্রতিষ্ঠার দাবিতে ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা ও ন্যায্য দাবিগুলো তুলে ধরতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মোক্তার আলী বলেন, কর্মসূচি বাস্তবায়নে সব পর্যায়ের দায়িত্বশীলদের সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান এবং পৌর জামায়াতের আমির অধ্যাপক জাকির হোসেন। এ ছাড়া উপজেলা ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ, যুব বিভাগ ও ওলামা বিভাগের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
