মাগুরা সংবাদদাতা
মাগুরার মহম্মদপুর উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার মহম্মদপুর উপজেলার মেসার্স সীমান্ত ব্রিকস, মেসার্স নদী ব্রিকস ও মেসার্স নাবা ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিটি ইটভাটাকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক কমল কুমার বর্মণ।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী ২০১৯)-এর ৪, ৫ ও ৬ ধারার বিধান লঙ্ঘনের অপরাধে সংশ্লিষ্ট তিনটি ইটভাটাকে একই আইনের ১৪, ১৫ ও ১৬ ধারায় এ জরিমানা করা হয়।
অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও পরিবেশ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।
