বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ফাতেমা খাতুনকে গলা কেটে হত্যা চেষ্টা করেছেন মনিরুল ইসলাম নামে এক মাদকাসক্ত ব্যক্তি। শনিবার রাতে ঘোপ সেন্ট্রাল রোডে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ফাতেমা খাতুনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মনিরুল ইসলাম পেশায় রাজ মিস্ত্রির লেবার ও তার স্ত্রী খাবার হোটেলের কর্মচারি। তারা ঘোপ সেন্ট্রাল রোড, পিলু খান সড়কে মিলন মোল্লার বাড়ির ভাড়াটিয়া। মাদক সেবন ও সংসার খরচের টাকা নিয়ে প্রায়ই ঝগড়া হতো স্বামী স্ত্রীর।
ঘটনার দিন রাতেও একই বিষয় নিয়ে দুজনার মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে মনিরুল ধারালো অস্ত্র দিয়ে ফাতেমার গলায় আঘাত করেন। এতে তার গলার সামনের অংশ গভীর জখম ও প্রচুর রক্তপাত শুরু হয়। পরে ফাতেমার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সকালে ফাতেমার গলায় অস্ত্রোপচার করা হয়েছে। তবে ফাতেমা এখনো শঙ্কা মুক্ত নন বলে জানা গেছে।
