বাংলার ভোর প্রতিবেদক :
নানা মারা যাওয়ার পর বাবার কাছে আশ্রয় চেয়েও ঠাঁই মিলছে না তিন ভাইবোনের। অভিযোগ, বাবার বাড়িতে আশ্রয় নিতে যাওয়া ১৪ বছর বয়সী এক কিশোর ও ১৬ বছর বয়সী এক কিশোরীকে ঘরে থাকতে না দিয়ে রাতভর বাড়ির উঠানে বসিয়ে রাখা হয়। তাদের বাড়ি ছেড়ে চলে যেতে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের দেয়া তথ্য অনুযায়ী, তিন ভাইবোনের বাবা ইউসুফ আলীর দ্বিতীয় পক্ষের সন্তান তারা। তিনজনই পড়াশোনা করছে। এত দিন যশোরের মণিরামপুর উপজেলার ভরতপুর, খানপুর এলাকায় তাদের নানাবাড়িতে থাকত। নানা-নানিই তাদের দেখাশোনা করতেন।
সম্প্রতি নানা মারা যাওয়ায় সেখানে থাকা অনিশ্চিত হয়ে পড়ে। বড় ভাই সাজু হোসেন বর্তমানে যশোর শহরের একটি শিক্ষার্থী মেসে থাকেন। অন্য কোথাও আশ্রয়ের ব্যবস্থা না থাকায় তিনি তাঁর ছোট ভাই ও বোনকে বাবার বাড়িতে পাঠান। কিন্তু অভিযোগ, তাদের বাড়িতে থাকতে দেওয়া হয়নি। বরং রাতভর উঠানে বসিয়ে রাখা হয় এবং বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়।
সাজু হোসেনের ভাষ্য, তাঁরা বাবার কাছে কোনো সম্পদ বা অর্থ চান না। শুধু সন্তান হিসেবে স্বীকৃতি, নিরাপদে থাকার জায়গা এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ চান। থাকার ব্যবস্থা না হলে তিন ভাইবোনের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তিনি।
সাজু হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যমের প্রতি ঘটনাটি সরেজমিনে যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখলে ছোট ভাইবোনের নিরাপত্তা, আশ্রয় ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার পথ তৈরি হতে পারে।
##
