শ্যামনগর সংবাদদাতা :
আদর্শ সমাজ গঠনের জন্য শ্রেণীকক্ষে পাঠদান ছাড়াও নৈতিকতা এবং বিবেকবোধ জাগ্রত করার মত বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। নিয়মিত অভিভাবক সমাবেশ ছাড়াও বিতর্ক ও বইপড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। শ্রেণীকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক মধুর হতে হবে এবং ছাত্র-ছাত্রীদের গতিবিধি পর্যবেক্ষণ করে অভিভাবকদের অবহিত করতে হবে। ডিভাইসের অপব্যবহার রোধের বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান দানের পাশাপাশি শ্রেণীকক্ষে শিক্ষকদেরও মোবাইল ব্যবহারে বিরত থাকতে হবে।
শিক্ষার মান উন্নয়ন, বাল্যবিয়ে নিরোধ, সাইবার অপরাধ প্রতিরোধ, প্রতিষ্ঠান সার্বিকভাবে পরিচালনাসহ সম-সাময়িক বিষয় নিয়ে স্কুল, স্কুল ও কলেজ এবং মাদ্রাসা প্রধানদের সাথে মতবিনিময় সভায় এসব বক্তব্য উঠে আসে। শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ব্যক্তিক্রমী অথচ সময় উপযোগী এমন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্তের অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষকরা জানান শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কোনভাবেই আশানুরূপ পর্যায়ে নেয়া যাচ্ছে না। ছাত্র-ছাত্রীদের বিষয়ে অভিভাবকদের পক্ষ থেকে যথেষ্ট অবহেলা লক্ষ্য করা যাচ্ছে। এমনকি প্রতিষ্ঠান ছুটির পর দীর্ঘ সময় পর্যন্ত পরিবারের সান্নিধ্যে থাকার পরও অসংখ্য ছেলে শিক্ষার্থী খারাপ সঙ্গের কারনে বিপদগামী হয়ে পড়ছে। যার প্রভাব সমাজে পড়ার প্রেক্ষিতে একটা অস্থির সমাজের আলোরেখা দৃশ্যমান হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের নানাবিধ সম্যসা নিয়ে বক্তব্য রাখেন ভেটখালী এ, করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কাঁঠালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের আজহারুল ইসলাম, চাঁদনীমুখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাসীন হোসাইন, নওয়াবেঁকী ম্যাধমিক বিদ্যালয়ের প্রধান আসাদুজ্জামান মিঠু, জোবেদা সোহরাব মডেল একাডেমীর আব্দুস সাত্তার, জয়নগর মাদ্রাসার প্রিন্সিপাল রফিকুল ইসলাম, নকিপুর পাইলট ম্যাধমিক বিদ্যালয়ের মোজাফ্ফর হোসেন, তপোবন মাধ্যমিক বিদ্যালয়ের মনোদ্বীপ মন্ডল।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন সফিক, প্রেসক্লাব সভাপতি সহযোগী অধ্যাপক সামিউল মনির।
