বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের বেনাপোলে মুরগিবাহী ভ্যান থেকে একটি বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মিয়ারাজ গাইন নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে বেনাপোলের তনিমা ফিলিং স্টেশনের সামনে পুলিশের টহল দল তাকে আটক করে। শনিবার বিকেলে বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরশাফ হোসেন।
ওসি জানান, মিয়ারাজ সাতক্ষীরার কালীগঞ্জ থেকে মুরগি সরবরাহ শেষে খালি ভ্যান নিয়ে ফেরার পথে তার ভ্যানে তল্লাশি চালিয়ে এসব গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।
আটক মিয়ারাজ কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উদ্ধার করা গুলি ও ম্যাগজিনের উৎস এবং এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না তা তদন্ত করছে পুলিশ।
