সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরার তালা উপজেলায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।
শনিবার দুপুর ১২টায় পাটকেলঘাটার কেশবলাল শ্মশান মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, এ বছর উপজেলায় ২০৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। এ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।
সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য তিনি সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি আরও বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দুই থানার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি হিন্দু কল্যাণ ট্রাস্টের বরাদ্দকৃত অর্থ তালা উপজেলার ১২টি ইউনিয়নের মন্দির কমিটির প্রতিনিধিদের মধ্যে বিতরণ করেন।
তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক সরজিত সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সাবেক সিনিয়র সহসভাপতি ও চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের উপজেলা সভাপতি অমল দত্ত, কলারোয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামান, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী সরদার, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলম, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সহসভাপতি শেখ রিজভী আহমেদ এবং উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন্নেছা মিনি, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান রাজু।
এ ছাড়া উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ী কেশব সাধু, বিশিষ্ট ব্যবসায়ী চিত্ত মজুমদারসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
