লোহাগড়া সংবাদদাতা :
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মধুমতি নদীতে উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে চাপুলিয়া গ্রামের নৌকা, দ্বিতীয় স্থান অধিকার করেছে পানি পাড়ার নৌকা এবং তৃতীয় স্থান অধিকার করেছে চর-শালনগরের নৌকা।
শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্ষন্ত উপজেলার চর-শালনগর গ্রামবাসী আয়োজিত এ প্রতিযোগিতায় পাঁচটি নৌকা অংশ গ্রহন করে। এ নৌকাবাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুপুর থেকেই চর-শালনগর এলাকায় নদীর পাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে শত শত মানুষ ভীড় করেন।
নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে নদীর দুই তীর দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়। বিকালে প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকেই সন্ধ্যা পর্ষন্ত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঝিদের বৈঠার ছন্দে একের পর এক নৌকা নদীর বুক চিরে এগিয়ে যেতে থাকে।
এ সময় নদীর দুই পাড়ে অবস্থান নেওয়া দর্শনার্থীরা করতালি ও উল্লাসের মাধ্যমে নিজ নিজ পছন্দের নৌকাকে উৎসাহ দিতে থাকেন। বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজন কে প্রাণবন্ত করে তোলে। দীর্ঘ সময় ধরে দর্শনার্থীরা নদীর পাড়ে অবস্থান করে প্রতিযোগিতা উপভোগ করেন।
নৌকা বাইচ আয়োজন কমিটির সভাপতি ও শালনগর ইউপির বিএনপি’র সাধারন সস্পাদক কাজী উজ্জল বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিনোদন গুলোর মধ্যে নৌকাবাইচ অন্যতম। এ ধরনের আয়োজন শুধু বিনোদনের মাধ্যমই নয়,বরং গ্রামীণ সংস্কৃতি,সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সন্ধ্যায় নৌকাবাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,লোহাগড়া উপজেলা বিএনপি’র সভাপতি আহাদুজ্জামান বাটু,শালনগর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারন সস্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম।
