বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে বালিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় সিটি কলেজ ছাত্রদলের সহসভাপতি ইয়াসিন আরাফাতের মা নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি ছেলে ইয়াসিন আরাফাতের মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। চাঁচড়া চেকপোস্ট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি বালিবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে যান। পরে ট্রাকের চাকা তার শরীরের উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ছাত্রদল নেতার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখার সাবেক সভাপতি রাজিদুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী। তারা ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। দায়িদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

