মণিরামপুর সংবাদদাতা :
যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আসাদুজ্জামানের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের উপ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে বিএনপির নেতাকর্মীরা ফুঁসে উঠেছে।
প্রতিবাদে রোববার দুপুরে মাদ্রাসার পাশে রাস্তায় স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
জানা যায়, ঝাঁপা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও ঝাঁপা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আসাদুজ্জামান সম্প্রতি ফসবুকে তার আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে স্ট্যাটাস দেন।
বিষয়টি জানজানি হলে বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা দেয় চরম অসন্তোষ। আসাদুজ্জামানকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে শনিবার ঝাঁপা ইউনিয়ন বিএনপি কর্মসূচি ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় রোববার দুপুর ১২ টায় ঝাঁপা আলিম মাদ্রাসা মোড়ে কয়েক শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
পরে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে। মানবন্ধন থেকে বিএনপি নেতৃবৃন্দ আগামী ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন নম্বর ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মাস্টার আজিজুর রহমান, মাস্টার বাবুল আকতার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাস্টার হুমায়ুন কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ব্যাপারে জামায়াত নেতা আসাদুজ্জামান বলেন, সবাইতো কত রকম স্ট্যাটাস দেয়। আমিও ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে দিয়েছিলাম। কিন্তু এ ধরনের অবস্থা হবে বুঝতে পারেনি।
ফলে আমি ইতিমধ্যে আমার আইডি থেকে স্যাটাসটি রিমুভ করেছি। উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফজলুল হক জানান, ঝাঁপা ইউনিয়নের সেক্রেটারির স্ট্যাটাসের বিষয়টি নিয়ে দু-একের মধ্যে উপজেলা কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হবে।
