বাংলার ভোর প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ঘোষপাড়ার কাজল রেখা নামে এক কলেজ ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত, শারীরিকভাবে লাঞ্ছিত ও ধর্ষণের হুমকি দেয়া এবং তার পরিবারের জমি দখলের চেষ্টা করার হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কলেজ ছাত্রী। রোববার বেলা ১২ টায় প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে কাজল রেখা জানান, বাবা জালাল হোসেন মারা যাওয়ার পর মা ও ছোট ভাইকে নিয়ে তারা নানাবাড়ি শার্শার বাগআঁচড়া ঘোষপাড়ায় বসবাস করছেন। অভিযুক্তদের অত্যাচারে একপর্যায়ে বাড়ি ছেড়ে অন্য স্থানে থেকে তাকে এসএসসি পরীক্ষা দিতে হয়েছে। বর্তমানে তিনি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়িতে আছেন।
তার খালাতো ভাই বাগআঁচড়া ঘোষপাড়ার ইমন হোসেন (২৬), খালু আইয়ুব হোসেন (৬০) এবং একই এলাকার প্রভাবশালী আলী আহম্মদ (৫৫) দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে আসছেন। এছাড়া, গত ২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির সামনের রাস্তায় গেলে ইমন তার ওড়না ছিনিয়ে নেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন।
এ সময় তাকে ধর্ষণ ও গ্রামছাড়া করার হুমকিও দেয়া হয় বলে তিনি অভিযোগ করেন। কাজল রেখার দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয়ভাবে বিচার চেয়েও তিনি প্রতিকার পাননি। গত ২৮ অক্টোবর তিনি শার্শা থানায় ইমন হোসেনকে প্রধান অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগের পরও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে তার দাবি।
সংবাদ সম্মেলনে কাজল রেখা নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া এবং নির্বিঘ্নে লেখাপড়া চালিয়ে যাওয়ার পরিবেশ তৈরিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় তার মা মাজেদা বেগম উপস্থিত ছিলেন। তবে অভিযুক্তরা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, জমি নিয়ে বিরোধের কারণে কাজল রেখা তার খালু ও খালাতো ভাইয়ের নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছেন।
