বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় ইসলামিক ফাউন্ডেশন যশোরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, পড়াশোনার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষা যেন কেবল অর্থ উপার্জনের মাধ্যম না হয়।
বরং মানবিক, নৈতিক ও সুখী মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই হওয়া উচিত জীবনের অন্যতম লক্ষ্য। তিনি আরও বলেন, শিশুদের সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিকাশে অভিভাবকদের সচেতন হতে হবে।
এ সময় তিনি শিশু-কিশোরদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি এবং তাদের মেধা ও মননশীলতা বিকাশে সহযোগিতা করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
