বাংলার ভোর প্রতিবেদক :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জনতা এবং সশস্ত্র বাহিনীর চিন্তা যখন একবিন্দুতে মিলেছে, তখনই শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে।
১৯৭৫ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে তিনি বলেন, দেশ ও জাতির প্রয়োজনে জনতা এবং সশস্ত্র বাহিনীর মধ্যে থাকা অলিখিত দেয়াল অনেক সময় ভেঙ্গে পড়ে।
বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে জনতা ও সশস্ত্র বাহিনী সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিরোধী দলের সমালোচনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক বন্ধুরা বলছেন সমালোচনা সহ্য করতে হবে, তা না হলে আরেকটি ফ্যাসিস্ট তৈরি হবে।
আমরা সমালোচনা সহ্য করছি বলেই যারা মাত্র এক সপ্তাহ আগে সরকারের পতন দাবি করেছেন, তাদেরকে একই মঞ্চে সম্মানের সঙ্গে বসিয়ে ৭ নভেম্বরের আলোচনা সভা পালন করছি।
সশস্ত্র বাহিনীর চেইন অব কমান্ড প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কেউ যদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস না করেন এবং জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারেন, তাহলে অধস্তন কর্মকর্তারা তার নির্দেশনা অনুসরণ করেন না।
তিনি আরও বলেন, ৭ নভেম্বর ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নুরুজ্জামান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মিজানুর রহমান খান ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নেতৃবৃন্দ।
এ সময় সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
