বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ভগবতীতলা বাজার এলাকার রাকিব নামে এক যুবকের বিরুদ্ধে বিয়ের আশ্বাস দিয়ে এক যুবতীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পর তাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত রাকিব স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পারকুল গ্রামের ওই যুবতীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল রাকিবের। যুবতীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাকিব তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তিন দফায় বিয়ের আশ্বাস দিয়ে তাকে সম্পর্কের মধ্যে জড়ান বলেও অভিযোগ করেন তিনি।
গত বৃহস্পতিবার রাতে রূপদিয়া রেলস্টেশনপাড়ার একটি বাগানে ওই যুবতীর সঙ্গে অবস্থানকালে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন রাকিব। বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।
যুবতীর অভিযোগ, ঘটনার পর গত শুক্রবার বিয়ের বিষয়ে সমাধানের আশায় রাকিবের বাড়িতে গেলে তার পরিবারের সদস্যরা তাকে বাড়ি থেকে বের করে দেন। বর্তমানে তিনি বিভিন্ন মানুষের বাড়িতে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্ত রাকিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাড়ির গার্ডিয়ানরা যে সিদ্ধান্ত নেবেন, আমি সেই সিদ্ধান্তে একমত।’
ভুক্তভোগী যুবতী ঘটনার সুষ্ঠু সমাধান ও ন্যায়বিচার দাবি করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
