শ্যামনগর সংবাদদাতা
সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।
শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তারা।
গ্রেপ্তার জোনাব আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ভারতে লুকিয়ে থেকে সুন্দরবনে ভেতরে ঢুকে ডাকাতি করতেন।
এসআরবি-৬ এর স্পেশাল কোম্পানির পাঠানো এক প্রেসনোটে আটকের বিষয়টি নিশ্চিবত করা হয়। তার বিরুদ্ধে সুন্দরবনে জেলে বাওয়ালীদের উপর নির্যাতন, মুক্তিপণ আদায়সহ নানা অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।
