বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে কবিরাজ পরিচয়ে চিকিৎসার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবির সাইবার ইনভেস্টিগেশন টিম। এ সময় তাদের কাছ থেকে ১৫ দশমিক ২৮ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
রোববার ভোরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কোটচাঁদপুরের রঘুনাথপুর গ্রামের আশিক (২০) ও সলেমানপুর গ্রামের তন্ময় কর্মকার (৩৩)।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক দেবব্রত ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়, শনিবার অন্য একটি মামলার আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযানে নামে গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানের একপর্যায়ে একটি সাধারণ ডায়েরির তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত আড়াইটার দিকে কোটচাঁদপুরের নিজ বাড়ি থেকে আশিককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সকাল ৬টা ১০ মিনিটের দিকে কোটচাঁদপুর বাজারের গার্লস স্কুল রোডে অবস্থিত ‘পলাশ জুয়েলার্স’ নামের একটি দোকান থেকে তন্ময় কর্মকারকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, অভিযানে আশিকের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। অন্যদিকে তন্ময়ের হেফাজত থেকে ৬ দশমিক ৫০ গ্রাম, ২ দশমিক ৯৮ গ্রাম ও ৫ দশমিক ৮০ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় রোববার যশোর কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী নারীর স্বামী শহরতলীর ইউনুস আলী। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মুঠোফোনে নিজেদের কবিরাজ পরিচয় দিয়ে তার স্ত্রীর শারীরিক ব্যথা নিরাময়ের আশ্বাস দেন। একপর্যায়ে কৌশলে ও ভয়ভীতি দেখিয়ে তার স্ত্রীর কাছ থেকে ১ ভরি ৭ আনা স্বর্ণালংকার এবং নগদ ১৯ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেন।
