বাংলার ভোর প্রতিবেদক :
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) দায়িত্বে পরিবর্তন হয়েছে। নতুন ভারপ্রাপ্ত আরএমও হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. নাহিদ সিরাজ।
আগের দায়িত্বে থাকা ডা. আহসান কবির বাপ্পীকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে অব্যাহতি দেওয়া হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত গত ৯ নভেম্বর এ-সংক্রান্ত আদেশ জারি করেন।
আদেশে বলা হয়, ডা. আহসান কবির বাপ্পীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ডা. নাহিদ সিরাজকে নতুন ভারপ্রাপ্ত আরএমও হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার নতুন দায়িত্বে প্রথমবারের মতো অফিস করেন ডা. নাহিদ সিরাজ।
দৈনিক বাংলার ভোরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হাসপাতালে আগত রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। পাশাপাশি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে তিনি কঠোর অবস্থানে থাকবেন।
রোগীরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
