শার্শা সংবাদদাতা : নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ তুলে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেনের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যশোর-সাতক্ষীরা মহাসড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন। তিনি বলেন, বিগত সরকারের আমলে নির্যাতিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বর্তমানে বাগআঁচড়ায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। এলাকায় কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজির স্থান নেই বলেও দাবি করেন তিনি।
কবির হোসেন আরও বলেন, বিতাড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোপনে ষড়যন্ত্র করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
প্রতিবাদ মিছিলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
