বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সদরের ছাতিয়ানতলা মধ্যপাড়ায় বিএনপি নেতা ও স্কুলশিক্ষক শিমুল হোসেনের বাড়ির পাশ থেকে লাল টেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু ও হুমকিসংবলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। একই দিন সকালে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি জাকির হোসেনের বাড়ির ভেতরেও একটি বোমা রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে কে বা কারা তার বাড়িতে বোমাটি রেখে যায় বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্কুলশিক্ষক শিমুল হোসেন জানান, শুক্রবার সকালে তার স্ত্রী মর্নিংওয়াকে যাওয়ার সময় বাড়ির পাশে লাল টেপে মোড়ানো বস্তু দুটি দেখতে পান। তবে তিনি সেগুলো কী, তা বুঝতে পারেননি। পরে সকাল সোয়া ৭টার দিকে মেয়েকে নিয়ে কোচিংয়ে যাওয়ার সময় বোমাসদৃশ বস্তু দুটি ও চিরকুটটি তার নজরে আসে। বিষয়টি তিনি স্থানীয় পুলিশ ফাঁড়িকে জানান। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে।
তিনি জানান, কম্পিউটারে কম্পোজ করা চিরকুটে তাকে উদ্দেশ করে নানা ধরনের হুমকি দেওয়া হয়েছে। চিরকুটে লেখা রয়েছে, ‘ভালো হয়ে যা শুয়ো… বাচ্চা, তুই এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি। তোকে শেষবারের মতো বললাম তুই কি বা… বা… হয়েছিস। আর কেউ পারে না কাজ করতে, এটা বুঝাস নাকি। আবার বললাম থেমে যাওয়া ভালো, শুয়ো… বাচ্চা।’
কারা বা কী কারণে এ ধরনের হুমকি দিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি শিমুল হোসেন। তিনি জানান, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ড পরিচালনা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে সামাজিক কাজ করেন। এসব কর্মকাণ্ডের কারণে কেউ ক্ষুব্ধ হয়ে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তার ধারণা।
তিনি আরও জানান, রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে বিষয়টি জানতে পারেন।
এদিকে খবর পেয়ে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানসহ বিএনপি, কৃষক দল ও যুবদলের স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যশোর ডিবি পুলিশের ইন্সপেক্টর মামুনুর রশিদ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশের কয়েকটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে শিমুল হোসেনের বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট এবং জাকির হোসেনের বাড়িতে বোমা রাখার ঘটনায় কারা জড়িত, কী উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
