বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সাবেক ছাত্রনেতা হাসান ইমাম। শনিবার বিকেল ৫টায় শহরের রেলগেট এলাকায় এই উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যশোর এমএম কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক হাসান ইমামের উদ্যোগে ৫০ জন পথশিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ বিতরণ করা হয়। ঈদ উপহারের মধ্যে ছেলেদের জন্য শার্ট ও প্যান্ট এবং মেয়েদের জন্য সালোয়ার-কামিজ ছিলো।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর এমএম কলেজ ছাত্রদলের সহ-সভাপতি টিটোন তরফদার, এমএম কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আশিক, শুদ্ধাঙ্গু স্কুলের শিক্ষক তৌহিদ, তন্ময়সহ স্থানীয় কয়েকজন তরুণ স্বেচ্ছাসেবক।
উপহার বিতরণকালে হাসান ইমাম বলেন, ঈদ মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এই আনন্দ সবাইকে নিয়ে ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো বলেন, অনেক পথশিশুর পরিবারের পক্ষে ঈদের নতুন পোশাক কেনা সম্ভব হয় না। তাই তাদের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগ করে দিতে এই আয়োজন করা হয়েছে।
এ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরা। তারা জানায়, ঈদের জন্য তাদের অনেকেরই নতুন পোশাক কেনা হয়নি। এই উপহার পেয়ে তারা খুব খুশি এবং ঈদের দিন নতুন জামা পরে ঘুরতে পারবে।
স্থানীয়রা জানান, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এ ধরনের উদ্যোগ নিলে পথশিশুদের মুখে ঈদের আনন্দ আরো বাড়বে।

