সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদরের বাইপাস হর্টিকালচার সংলগ্ন বেতলা মাঠে ইউনাইটেড সিড কোম্পানির আয়োজনে এ প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির উৎপাদন ও জাত সম্পর্কে ইউনাইটেড সিড কোম্পানির সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল মজিদ বলেন, এটি একটি হাইব্রিড ফুলকপি। এর বিশেষ বৈশিষ্ট্য হলো বিজতলা থেকে চারা মূল জমিতে রোপণ করার ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে মাঠ থেকে ফুল সংগ্রহ করা যায়। এটি বৃষ্টি ও খরা সহনশীল একটি জাত।
এই কপির ওজন হয় ৯০০ গ্রাম থেকে ১ কেজি ২০০ গ্রাম পর্যন্ত। কপিটি ধবধবে সাদা এবং এর ফুল খুবই টাইট হওয়ায় এটি দুরে পরিবহন উপযোগী। ফ্রান্স-৪৫ ফুলকপি চাষি আব্দুর রহমান, আব্দুল আলিম, কামরুজ্জামান, তরিকুল ইসলাম ও শাহাদাত হোসেন বলেন, আগাম এই জাতের ফুলকপির অতিরিক্ত ফলন হয় বিধায় আমরা সুলতানপুর বড়বাজারের মুসলিম বিজ ভান্ডারের স্বত্বাধিকারী আকতার আলীর নিকট থেকে বিজ সংগ্রহের পর চাষ করে বাম্পার ফলন পেয়েছি।
আমাদের এই অধিক ফলন দেখে উৎসাহী হয়ে অনেক কৃষক এই বিজ সংগ্রহ করে আগামী বছর এই ফুলকপির চাষ করবে বলে জানিয়েছে। প্রদর্শনী মাঠ দিবসে ইউনাইটেড সিড কোম্পানির পক্ষ থেকে সফল ফুলকপি চাষী কৃষক আব্দুর রহমানের মাঝে উপহারস্বরূপ কিটনাশক ছিটানো স্প্রে মেশিন প্রদান করা হয়।
