নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
দৈনিক বাংলার ভোরে সংবাদ প্রকাশের পর খুলনার ডুমুরিয়ার ফাতেমা ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা এ অভিযান পরিচালনা করেন।
এর আগে বুধবার দৈনিক বাংলার ভোরে ‘ডুমুরিয়ায় ক্লিনিকে মানহীন রিপোর্ট, ঝুঁকিতে রোগীরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ক্লিনিকটির পরীক্ষা-নিরীক্ষার মান ও এক্সরে রিপোর্টের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে রোগীদের ভোগান্তির চিত্র তুলে ধরা হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে অবস্থিত ফাতেমা ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুস সবুরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্প্রতি ক্লিনিকটির একটি এক্সরে রিপোর্টকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। ওই রিপোর্টের নির্ভুলতা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি রোগী ও স্বজনদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে মানসম্মত পরীক্ষা-নিরীক্ষা ও নির্ভুল রিপোর্ট নিশ্চিত করা জরুরি। এ ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়মিত তদারকি এবং অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
