আশাশুনি সংবাদদাতা
আশাশুনি উপজেলার প্রতাপনগর ৭.১ পোল্ডারে নদীভাঙন ও ধস নামায় চরম ঝুঁকির মুখে পড়েছে বিস্তীর্ণ জনপদ। দ্রুত ভাঙন রোধ ও জরুরি সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ থেকে ১৫টি গ্রামের মানুষ এ এলাকার ওপর নির্ভরশীল। এসব এলাকায় প্রায় ৩৫ থেকে ৪০ হাজার মানুষের বসবাস। পাশাপাশি প্রায় ৩ থেকে ৪ হাজার বিঘা জমিতে ধান ও মাছ চাষ সহ বিভিন্ন ফসলের চাষাবাদ হয়।
স্থানীয় শাহজালাল জানান কুড়িকাহুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৩০ মিটার বাঁধ ধসে নদী-খালের দিকে চলে যাওয়ায় প্রতাপনগর ও পার্শ্ববর্তী আনুলিয়া ইউনিয়নের ১০ থেকে ১২টি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সারা বছর আমাদের নদীর সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হয়। সবসময় ভয় থাকে কখন ঘরবাড়ি প্লাবিত হয়ে যায়। সবে এলাকায় গাছপালা ও ফসল হচ্ছে। আবার প্লাবিত হলে সব শেষ হয়ে যাবে। হাজার হাজার মৎস্যঘের পানিতে ভেসে যাবে।
পোল্ডারের বাঁধ ভেঙে গেলে কৃষিজমি, বসতবাড়ি ও জনজীবন মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। বিশেষ করে কুড়িকাউনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে প্রায় ১ হাজার ফুট দূরে ভাঙনপ্রবণ স্থানটির অবস্থান হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। এর আগে বাঁধের পাশ্ববর্তী স্থানে ভাঙন দেখা দিলে ওই দিন সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে স্বেচ্ছাশ্রমে প্রতিরোধ কাজ শুরু করেন। বালি ও মাটি ফেলে ক্ষতিগ্রস্ত অংশ রক্ষার চেষ্টা করছিলেন। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ডের জরুরি ভিত্তিতে সংস্কারে বাঁধ দিতে নির্মাণে সক্ষম হয়। পার্শ্ববর্তী স্থানে ভাঙনের কারণে এলাকাবাসীর আশঙ্কা করছে,
দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভাঙন আরও বিস্তৃত হয়ে বড় ধরনের দুর্যোগ সৃষ্টি করতে পারে। তাই জনস্বার্থে প্রতাপনগর ৭.১ পোল্ডারের ভাঙনকবলিত স্থান দ্রুত পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এখনই কার্যকর পদক্ষেপ নেয়া না হলে হাজার হাজার মানুষের বসতভিটা, কৃষিজমি ও জীবিকা হুমকির মুখে পড়তে পারে। ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী বিকেলে ভাঙন কবলিত স্থানে পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানাবেন। পানি উন্নয়নের বোর্ডের এসো আলমগীর হোসেন ও ওয়ার্ক এসিস্ট্যান্ট রাজু হোসেন জানান ভাঙন কবলিত স্থান পরিদর্শন করা হয়েছে। স্যারকে জানিয়েছি খুবই দ্রুত কাজ শুরু হবে।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু ভাঙন কবলিত স্থানে ধসের বিষয়ে বলেন পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হবে। তারা দ্রুত কাজ শুরু করবে। সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া দ্রুত সংস্কারের আশ্বাস দেন।
