অভয়নগর সংবাদদাতা
অভয়নগরে একটি বসতঘরে সিঁধ কেটে গরু বিক্রির নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার ধোপাদী গ্রামের দক্ষিণপাড়ার নাজমুল মোল্যার বাড়িতে এই চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধোপাদী বাজারের চায়ের দোকানী নাজমুল মোল্যা ঘটনার দিন রাতের খাবার শেষে পরিবারের সদস্যসহ ঘুমিয়ে পড়লে গভীর রাতে দুর্বৃত্তরা বসতঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এরপর আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। বুধবার সকালে উঠে পরিবারের সদস্যরা ঘরের এলোমেলো অবস্থা দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন। খবর পেয়ে এলাকাবাসীর পাশাপাশি অভয়নগর থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগী নাজমুল মোল্যা জানান, চোরেরা মায়ের চিকিৎসার জন্য গরু বিক্রির ২০ হাজার টাকা, কয়েক ভরি স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র সব নিয়ে গেছে।
কান্নাজড়িত কণ্ঠে নাজমুল মোল্যার বৃদ্ধ মা কহিনুর বেগম বলেন, আমার চিকিৎসার জন্য রাখা সব টাকাগুলো চোরেরা নিয়ে গেছে। এখন আমার চিকিৎসাও আর হবে না।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, বসতঘরে সিঁধ কেটে চুরির বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
