বাংলার ভোর প্রতিবেদক
নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বিদেশগামী কর্মীদের দক্ষতা অর্জন, সঠিক তথ্য জানা এবং আর্থিক ব্যবস্থাপনায় সচেতন হওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
বুধবার বেলা ১২টায় যশোর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত ‘নিরাপদ অভিবাসনে দক্ষতা উন্নয়ন ও আর্থিক ব্যবস্থাপনা’ শীর্ষক অংশিজন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুজন সরকার বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে হলে শুধু বিদেশ যাওয়াই যথেষ্ট নয়, প্রয়োজন কাজভিত্তিক দক্ষতা ও প্রশিক্ষণ। দক্ষতা ছাড়া বিদেশে গিয়ে অনেক কর্মী প্রত্যাশিত কাজ ও উপার্জনের সুযোগ পান না। তাই বিদেশ যাওয়ার আগে যথাযথ প্রশিক্ষণ নিয়ে কর্মীদের প্রস্তুত হতে হবে। এতে বিদেশে কর্মসংস্থানের পাশাপাশি দেশে ফিরে অর্জিত অভিজ্ঞতা ও সঞ্চয় কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা জরুরি। বিদেশে উপার্জিত অর্থের সঠিক ব্যবহার ও পরিকল্পিত আর্থিক ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বিদেশগামী কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও সচেতন হতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ব্যাংকের যশোর শাখার ব্যবস্থাপক শেখ মাসুজ্জামান। তিনি প্রবাসীদের আর্থিক সেবা ও ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন।
যশোর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক রাহেনুল ইসলামের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন অংশিজন ও অভিবাসনসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
