মাগুরা সংবাদদাতা
ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি মাগুরা জেলা শাখার উদ্যোগে শহরের সৈয়দ আতর আলী সড়কে সমিতির নিজস্ব কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা জেলা সমিতির সভাপতি খন্দকার মাহবুব আলম কাবি এবং সিনিয়র সহ-সভাপতি শ্রী কমল চন্দ্র সাহা।
বক্তারা বলেন, দীর্ঘ ২২ বছর ধরে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ও বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির যৌথ পরিচালনায় ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি এ কোর্স পরিচালনায় বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওষুধ ব্যবসায়ী তথা ফার্মাসিস্টদের স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের মতো সমিতির সম্পৃক্ততা বহাল রাখার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, সাধারণ কেমিস্টদের আহ্বানে এ দাবিতে সারাদেশে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যাবেন।
