বাগআঁচড়া সংবাদদাতা :
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজার থেকে ৫৯টি লিথিয়াম ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দোকানমালিক শেখ মহাসিন কবিরকে (৪০) আটক করা হয়েছে।
২১ নভেম্বর দুপুরে বাগআঁচড়া বাজারের ফুলতলা পট্টিতে মেসার্স মহাসিন সাইকেল স্টোরে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ৫৯টি লিথিয়াম ব্যাটারি, ১৭টি সার্কিট বোর্ড, ১৫টি খোলা সার্কিট, স্টিলের তৈরি ১৪টি বক্স ও চারটি ব্যাটারির বক্স উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৫৩ হাজার ২০০ টাকা।
আটক মহাসিন কবির সাতক্ষীরার কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের বাসিন্দা।
এদিকে একই দিন কলারোয়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে আরও ১৩টি লিথিয়াম ব্যাটারি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শার্শা থানার ওসি শামিনুল হক জানান, উদ্ধার করা মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
