বাংলার খেলা প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয় যুব ফুটবল দল ও যশোর জেলা দলের সাবেক ফুটবলার আজিজুল হক জিল্লু (৭২) মারা গেছেন। শনিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার সিকেডিইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ জোহর যশোরের কারবালা মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে কারবালা কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে দুপুর ১২টায় যশোর সোনালী অতীত ক্লাবের উদ্যোগে শামস-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারির নিচে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনকালে বক্তারা বলেন, জিল্লু একজন ভালো মানের ফুটবলার ছিলেন। খেলাধুলার উন্নয়নেও তার অবদান ছিল। তার মৃত্যুতে যশোরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
