আশাশুনি সংবাদদাতা :
সাতক্ষীরার আশাশুনিতে চোরাই গাড়ি উদ্ধারের ঘটনায় নিজের নাম জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ। এ বিষয়ে বুধবার আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।
লিখিত বক্তব্যে আবু জাহিদ সোহাগ দাবি করেন, সম্প্রতি একটি চোরাই গাড়ি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তার মাছের ঘের থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে বলে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তার দাবি, এ তথ্য সঠিক নয় এবং এ বিষয়ে তার কোনো বক্তব্য নেয়া হয়নি।
তিনি বলেন, গাড়ি উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশ গাড়িটি উদ্ধার করেছে। মামলার জব্দ তালিকায় বাউসুলি গ্রামের খোকন সরদারের বাড়ির পাশের একটি খালি জায়গা থেকে গাড়িটি উদ্ধারের কথা উল্লেখ রয়েছে বলে তিনি জানান।
সোহাগের দাবি, গাড়িটি বাউসুলি গ্রামের আব্দুল মালেকের ছেলে ইলিয়াছ কিনেছিলেন। তিনি নিজেও গাড়িটি ভাড়ায় চালাতেন। পুলিশ গাড়ি উদ্ধারে সহযোগিতা চাইলে তিনি প্রয়োজনীয় সহযোগিতা করেছেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আসন্ন বুধহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে তিনি প্রচার চালাচ্ছেন। এ কারণে একটি মহল তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা করছে বলে তার অভিযোগ।
সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম ছোট, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সরদার রুহুল আমিন, আক্তারুজ্জামান ও সাদিক আনোয়ার ছোট বক্তব্য দেন। তাঁরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান এবং ঘটনার সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানান।
