বাংলার ভোর প্রতিবেদক :
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে যশোরে উন্নয়ন কার্যক্রমে গতি আনছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। সড়ক সংস্কার ও প্রশস্তকরণ, ড্রেন নির্মাণ, সেতু সম্প্রসারণ, স্ট্রিট লাইট স্থাপন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে জেলার নাগরিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
ইতোমধ্যে যশোর সদর ও পৌর এলাকার বিভিন্ন স্থানে উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। কোথাও সড়ক নির্মাণ ও সংস্কার চলছে, কোথাও ড্রেন ও আলোকায়নের কাজ হাতে নেয়া হয়েছে। পাশাপাশি নতুন হাসপাতাল, ফ্যামিলি কার্ড ও অন্যান্য জনকল্যাণমূলক উদ্যোগ ঘিরেও মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।
যশোর সদর উপজেলার চাঁচড়া থেকে রাজগঞ্জ সড়কের চার কিলোমিটার সংস্কার ও প্রশস্তকরণ কাজ শুরু হয়েছে ৩ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে। গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ কর্মসূচির আওতায় এলজিইডি এই কাজ বাস্তবায়ন করছে। গত ৩১ জুলাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ কাজের উদ্বোধন করেন। নির্বাচনের আগে সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
প্রতিমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, উন্নয়নের ক্ষেত্রে কে ভোট দিয়েছেন আর কে দেননি, তা বিবেচনা করছে না সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নির্বাচনি প্রতিশ্রতি অনুযায়ী দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। নির্বাচনে চাঁচড়া ইউনিয়নে বিএনপি তুলনামূলক কম ভোট পেলেও সেখানে উন্নয়নকাজ শুরু হয়েছে। একই ইউনিয়নে প্রথম ফ্যামিলি কার্ড বিতরণ এবং ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের বিষয়টিও বক্তব্যে তিনি উল্লেখ করেন।
যশোর পৌর এলাকার উন্নয়নেও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে রাস্তা, ড্রেন ও স্ট্রিট লাইট স্থাপন প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে। এসব কাজ বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা ও অন্ধকারাচ্ছন্ন সড়কের সমস্যা কমবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া পৌরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে প্রায় ৯৫ লাখ টাকা ব্যয়ে ২৪৫ মিটার আরসিসি সড়ক এবং ৯৫ মিটার ড্রেন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। শহরের বিভিন্ন এলাকার দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তা, পানি নিষ্কাশনের সমস্যা ও নাগরিক দুর্ভোগ কমাতে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জামতলা এলাকায় নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে একটি সড়ক আরসিসি ঢালাই করে পাকা করার কাজও নেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও যশোরে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল। প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালটি উদ্বোধন করেছেন। হাসপাতালটি চালু ও চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসার সুযোগ বাড়বে। দীর্ঘদিন ধরে গুরুতর রোগীদের খুলনা ও ঢাকায় ছুটতে হওয়া এবং চিকিৎসাসেবার ওপর চাপ কমানোর ক্ষেত্রে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শহরের যোগাযোগব্যবস্থার উন্নয়নে সেতু নির্মাণ ও সম্প্রসারণের পরিকল্পনাও সামনে এসেছে। হযরত গরীব শাহর মাজার থেকে ঘোপ নওয়াপাড়া রোড পর্যন্ত নতুন সেতু নির্মাণ এবং কাঠেরপুল সেতু সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের বিভিন্ন এলাকার যোগাযোগ সহজ হবে এবং যানজট নিরসনে সহায়ক হতে পারে।
সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমও শুরু হয়েছে। এর মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোকে সহায়তা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। কৃষকদের সহায়তা, কৃষিঋণ মওকুফ, ইমাম ও পুরোহিতদের ভাতার আওতায় আনার উদ্যোগ এবং খালকাটা কর্মসূচি পুনরায় চালুর মতো বিষয়গুলোও সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির আলোচনায় রয়েছে।
যশোরে এসব উন্নয়ন উদ্যোগের কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন, অবকাঠামো উন্নয়ন ও জনসেবার পরিধি বাড়ানোর মাধ্যমে জেলার উন্নয়নকে এগিয়ে নেওয়ার লক্ষ্য সামনে রেখে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, বিএনপি রাজনীতি করে মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নকে সামনে রেখে। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করাই আমাদের প্রধান লক্ষ্য। যশোরের যোগাযোগব্যবস্থা, নাগরিক সেবা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, তা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়; জেলার সব মানুষের জীবনমান উন্নয়নের জন্য।
আমরা চাই, উন্নয়নের সুফল শহর থেকে গ্রাম, প্রত্যন্ত অঞ্চল থেকে সব জনপদের মানুষের কাছে পৌঁছে যাক। জনগণের প্রত্যাশা পূরণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়াই বিএনপির অঙ্গীকার। উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়, মানুষের কর্মসংস্থান, নিরাপদ জীবন, শিক্ষা, চিকিৎসা ও নাগরিক অধিকার নিশ্চিত করাও উন্নয়নের অংশ। সেই লক্ষ্যেই আমরা যশোরকে একটি আধুনিক, সমৃদ্ধ ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই।
