শার্শা সংবাদদাতা
“ইবাদত আপনার, সেবা আমাদের” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার নাভারণে জাহাঙ্গীর হজ্জ গ্রুপে (ছিদ্রাত ট্যুরর্স এন্ড ট্রাভেলস)’র উদ্যোগে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় নাভারণ হক কমিটি সেন্টারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে নারী-পুরুষসহ প্রায় ৪০ জন হজযাত্রী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে হজ পালনের নিয়ম-কানুন, করণীয় ও বর্জনীয় বিষয়সহ হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাপ সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হয়।
প্রশিক্ষণে ইহরাম বাঁধা, তাওয়াফ, সাঈ, আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাতযাপন এবং কুরবানির বিধান সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি সৌদি আরবে অবস্থানকালীন স্বাস্থ্যবিধি, শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, চলতি বছর আগামী ২০ এপ্রিল একই ফ্লাইটে জাহাঙ্গীর হজ গ্রুপের মাধ্যমে মোট ৯৭ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হবেন।
এ সময় হজ্জযাত্রীদের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল একটি পিঠের ব্যাগ, একটি সাইড ব্যাগ, ৭ দানা তসবিহ, জুতা রাখার ব্যাগ, মহিলাদের হিজাব, পাথর রাখার রুমাল, পুরুষদের ঘাড়ের রুমাল এবং একটি ছাতা।

