কোটচাঁদপুর সংবাদদাতা
কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারে গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রির অভিযোগে ফজলু শাহ নামে এক কসাইকে জরিমানা করা হয়েছে।
জানা গেছে, সাফদারপুর বাজারের মাংস ব্যবসায়ী ফজলু শাহ দীর্ঘদিন ধরে ওই বাজারে মাংস বিক্রি করে আসছিলেন। শনিবার সকালে তিনি একটি গর্ভবতী গাভী জবাই করেন।
এবং বাছুরটি গোপন করে মাংস বিক্রি চালিয়ে যান। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং স্থানীয়রা প্রশাসনকে খবর দেন।
পরে উপঝেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত পরিচালনার সময় নিজের দোষ স্বীকার করে ওই কসাই দুঃখ প্রকাশ করেন। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১-এর ২৪ ধারায় মাংস ব্যবসায়ী ফজলু শাহকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি অবিক্রিত মাংস জব্দ করে জনসম্মুখে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

